গাইবান্ধা থেকে খাইরুল ইসলামঃ
নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা প্রতিরোধ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাঁওতাল নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বর্ণিল আয়োজনে প্রকাশ পায় তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্য।
বুধবার দিনব্যাপী উপজেলার কামদিয়া ইউনিয়নের তল্লাপাড়া সাঁওতাল এলাকায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা অবলম্বন ও আমরাই পারি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে নারীরা গ্রামীণ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের ঐতিহ্য তুলে ধরেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।
জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে এবং সংস্কৃতিকর্মী শিরিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন—উই ক্যান-এর নির্বাহী প্রধান জিনাত আরা হককানাডা হাই কমিশনের সিনিয়র ডেভেলপমেন্ট অ্যাডভাইজার সাফিনা আলমআদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক গোলাম রব্বানী মুসামানবাধিকারকর্মী মনির হোসেন সুইটআদিবাসী নেতা রাফেল বাস্কেপল্লবী মুরমু প্রমুখ।
বক্তারা বলেন, সাঁওতাল নারীরা প্রান্তিক জনগোষ্ঠীর অংশ হওয়ায় দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার। এই বৈষম্য দূর করতে সমাজের সকলকে আরও সচেতন হতে হবে। নারীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলেও তারা মত প্রকাশ করেন।অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে সংগীত, নৃত্য ও নাটিকা পরিবেশনা করা হয়।

