মোঃ শাহনুর রহমান লিমন, ঢাকা জেলা, বিশেষ প্রতিনিধি:
জাতীয় নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে চার দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় পৌঁছাচ্ছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলমান এই সফরে তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিরা, বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন।কমনওয়েলথ জানিয়েছে, ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।
আলোচনায় থাকবে শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে সহযোগিতা জোরদারের নানা দিক।সফরকালে মহাসচিব বচওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, প্রধান নির্বাচন কমিশনার, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের হাইকমিশনারদের সঙ্গে পৃথক বৈঠক করার কথা রয়েছে।
পাশাপাশি তিনি কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনাও উপস্থাপন করবেন, যেখানে গণতন্ত্র অন্যতম প্রধান অগ্রাধিকার।সফরকে ঘিরে দেওয়া এক বিবৃতিতে বচওয়ে বলেন, স্বাধীনতার পর কমনওয়েলথে যোগ দেওয়া বাংলাদেশ সংগঠনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
তিনি প্রত্যাশা করেন, বিস্তৃত পরিসরের অংশীদারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারবেন। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কমনওয়েলথ বাংলাদেশের পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
গত মাসে প্রাক-নির্বাচনী মূল্যায়ন দলের সফরের ধারাবাহিকতা হিসেবে মহাসচিবের এই সফরকে দেখছে কমনওয়েলথ।

