সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

সিরাজদিখানে নিষিদ্ধ সংগঠনের মিছিলে বিশৃঙ্খলা: ৪৫ জন নামীয়সহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১০

Spread the love

মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখসহ আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগ এনে বুধবার (১৯ নভেম্বর) সকালে সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ মাসুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মন্টু ভূইয়া (৩০), মো. নাইম শেখ উজ্জল (২২), মো. হায়দার শেখ (২২), রহিম শেখ (২৪), মো. মকবুল হোসেন (৫৪), ইউসুফ শেখ (৪৯), বাচ্চু সরকার (৪৮), আলমগীর হোসেন (৫০), মো. হালিম বেপারী (৩৮) ও মো. সজিব মোল্লা (৩৬)।এর আগে, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের পতাকা ও ব্যানার হাতে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা।

যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে শেখ হাসিনার রায়ের প্রতিবাদে বের হওয়া ওই মিছিল প্রকাশ্যেই পুলিশের টহল দলের সামনে অনুষ্ঠিত হয়।ঘটনাস্থলে দায়িত্ব পালনরত সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান সিকদার এবং কনস্টেবল বাদশা মিয়া ও সফিকুল ইসলামের দায়িত্বে অবহেলা পাওয়ায় তাদের ক্লোজ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, “মঙ্গলবার সকালে দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সরকারবিরোধী নানা স্লোগান দিয়ে মিছিল করেছে। নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে ৪৫ জনের নাম উল্লেখসহ আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। ইতোমধ্যে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *