মনিরুল ইসলাম লায়ন, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের আন্দাইল বিলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পলো দিয়ে মাছ ধরার এক বিশাল উৎসব। সকালে বিলের পাড়জুড়ে হাজারো মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।স্থানীয় কৃষক, জেলে ও সাধারণ মানুষ এই আয়োজনে অংশ নেন। হাতে পলো, জাল, ডোরা ও বাঁশের তৈরি নানা সরঞ্জাম নিয়ে সবাই নেমে পড়েন পানিতে। আনন্দ-উল্লাস আর প্রতিযোগিতার পরিবেশে বিলটি পরিণত হয় উৎসবমুখর এক মিলনমেলায়।অংশগ্রহণকারীরা জানান, এটি শুধু মাছ ধরার অনুষ্ঠান নয়, বরং স্থানীয় ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির অংশ। প্রতিবছর বর্ষা শেষে এমন আয়োজনের মাধ্যমে এলাকাবাসী মিলিত হন এক আনন্দঘন পরিবেশে।আয়োজক কমিটির সদস্যরা জানান, ভবিষ্যতেও এই ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি পর্যটন আকর্ষণ হিসেবে আন্দাইল বিলকে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়।

