হাবিবুর রহমান সুমন, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর: নারীর আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে মাদারীপুরে “টেইলারিং ও ড্রেস মেকিং” প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে রকেটবাড়ি এলাকায় প্রশিকার নিজস্ব ভবনে তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য (নাদিম)। তিনি বলেন, “নারীর আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”

প্রশিকা ঢাকা কার্যালয়ের মাইক্রোফিন্যান্স ফিল্ড অপারেশন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অ্যাডভোকেট শারমিন জাহান-এর সভাপতিত্বে এবং বিভাগীয় ব্যবস্থাপক সায়মা আঞ্জুমান মুন্নী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইক্রোফিন্যান্স ফিল্ড অপারেশনের উপপরিচালক ফারুক আহমেদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর অ্যাসেট সাইদুর রহমান, বিভাগীয় ব্যবস্থাপক কাজী কামাল উদ্দিন, শিব সংকর শাহা, ডেইজি আফরোজ, লক্ষণ চন্দ্র দাসসহ প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, এ্যাসেট প্রকল্পের আওতায় এই কোর্সে মোট ২৪ জন নারী অংশ নিচ্ছেন। প্রশিকার কর্মকর্তারা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারীরা আধুনিক সেলাই ও পোশাক তৈরির কৌশল শিখে আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবেন, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সরকারি সনদপত্র ও সম্মানি ভাতা প্রদান করা হবে।
