হাবিবুর রহমান সুমন, মাদারীপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুর: ১১ নভেম্বর, ২০২৫: শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানার আওতাধীন পশ্চিম নাওডোবা হাজী তাহের মল্লিকের কান্দি এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খেলা করতে গিয়ে এই দুই খেলার সাথী শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুরা হলো—ইসলাম মল্লিকের নাতি সিয়ম (৩) এবং আবদুল্লাহ (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর, ২০২৫) সকালে শিশু দুটি বাড়ি থেকে একসঙ্গে বের হয়। তারা একে অপরের ঘনিষ্ঠ খেলার সাথী ছিল। দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে নেমে সন্ধান করতে গিয়ে তাদের ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।
পরে স্বজনরা দ্রুত দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের মাতম নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সিয়ম এবং আবদুল্লাহ উভয় শিশুই সবার খুব প্রিয় ছিল। তাদের এই আকস্মিক ও করুণ মৃত্যুতে গ্রামের মানুষ গভীরভাবে শোকাহত।
