মোঃ সাইফুল ইসলাম, ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক পুরোনো মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক দুই প্রভাবশালী নেতাকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আপন দুই ভাই— নাসিরনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল আহাদ এবং তার ছোট ভাই নাসির নগর উপজেলা কৃষকলীগের সভাপতি মো. অলি মিয়া।শনিবার (৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে নাসিরনগর সদর ইউনিয়নের ঘোষ পাড়ার নিজ বাড়ি থেকে এই দুই নেতাকে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের ঘটনা জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতারপুলিশ সূত্রে জানা গেছে, গত বছর ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য বদরুদ্দোজ্জা ফরহাদ হোসেন সংগ্রামসহ ১১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলাটির বাদী ছিলেন নাসির নগর উপজেলা কৃষক দলের বহিষ্কৃত সদস্য সচিব জনাব শাহ আলম পাঠান।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহামদ জানান, গ্রেফতারকৃত দুই ভাই ওই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি। গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।ওসি মাকছুদ আহামদ আরও বলেন, “আটককৃতরা বিস্ফোরক আইনে করা মামলার এজাহারভুক্ত আসামী। এ মামলার অন্যান্য আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকার পরেও দুই নেতার এমন আকস্মিক গ্রেফতার নাসিরনগরের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

