মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি“দুনিয়ার মজদুর এক হও” — এই ঐতিহাসিক আহ্বানকে সামনে রেখে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিল ২০২৫। শুক্রবার সকালে শহরের হোটেল কসমস রুফটপ সেন্টারে আয়োজিত এ কাউন্সিলে বক্তারা যুব সমাজকে বেকারত্ব, বৈষম্য ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি পালাশ চাকমা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য জ্যোতি চাকমা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নির্মল বড়ুয়া মিলন এবং বিশেষ অতিথি ছিলেন দলের সম্পাদকমণ্ডলীর সদস্য অরুণ চাকমা।বক্তারা বলেন, আজকের তরুণ সমাজ বেকারত্ব, শিক্ষার বাণিজ্যিকীকরণ, মজুরির বৈষম্য ও সাম্প্রদায়িক রাজনীতির চাপে হতাশায় ভুগছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ একটাই— ইনসাফ, ন্যায় ও মানবিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম।সভাপতি পালাশ চাকমা তাঁর বক্তব্যে বলেন,“আজকের যুব আন্দোলনের মূল লক্ষ্য হওয়া উচিত সাম্য, ন্যায় ও বৈষম্যহীন সমাজ গঠন। ধর্ম, জাতি বা ভাষার ভেদাভেদ নয়, মানবিক মূল্যবোধ ও শ্রেণি ঐক্যের ভিত্তিতে সমাজ গড়ে তুলতে হবে।”তিনি আরও বলেন, “আজ তরুণদের দাবি শুধু কর্মসংস্থান নয়; তারা সমান মর্যাদা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার সমাজ চায়।”অনুষ্ঠানে বক্তারা ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানের মধ্য দিয়ে তরুণদের নতুনভাবে সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা নারী-পুরুষ সমতা, বিজ্ঞানমনস্কতা, পরিবেশ রক্ষা ও সামাজিক ন্যায়বিচারের বিষয়গুলোকে যুব আন্দোলনের প্রধান এজেন্ডায় রাখার আহ্বান জানান।বক্তারা বলেন, রাজনৈতিক শিক্ষা ও সমাজতান্ত্রিক চেতনা ছাড়া প্রকৃত মুক্তি সম্ভব নয়। আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের সমাজ পরিবর্তনের চালিকা শক্তি, যারা সংস্কৃতি, শ্রম, পরিবেশ ও ন্যায়ের সংগ্রামে নেতৃত্ব দেবে।কাউন্সিলের শেষাংশে রাঙামাটি জেলা বিপ্লবী যুব সংহতির নবনির্বাচিত নেতৃত্বের শপথ পাঠ করানো হয়। নতুন নেতৃত্ব অঙ্গীকার করেন, তারা শোষণ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে অবিচল থাকবেন।অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও শ্রমজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

