আবির কর, জবি প্রতিনিধিপ্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষক নিয়োগ নীতিমালা ২০২৫-এর খসড়ায় উল্লিখিত দুটি পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তারা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।সঙ্গীত বিভাগের শিক্ষকমণ্ডলী এক যৌথ বিবৃতিতে বলেন, শিশুর মানসিক ও শারীরিক বিকাশে সঙ্গীত শিক্ষার ভূমিকা অপরিসীম। তারা উল্লেখ করেন, সঙ্গীত কেবল বিনোদন নয়, এটি শিশুর মনন, চিন্তাশক্তি ও সৃজনশীলতা গঠনের এক গুরুত্বপূর্ণ অনুঘটক।বিবৃতিতে বলা হয়, “ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি সংগীত শিক্ষা একটি শিশুর মানবিকতা, সৌন্দর্যবোধ ও ইতিবাচক চিন্তার বিকাশে ভূমিকা রাখে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও প্রাথমিক পর্যায়ে সংগীত শিক্ষাকে গুরুত্ব দেওয়া সময়ের দাবি।”তারা আরও বলেন, “বিকল্প কোনো প্রক্রিয়া ঘোষণা না দিয়েই এই পদগুলো বাতিল করা সুবিবেচনাহীন এবং মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নের পরিপন্থী।”সঙ্গীত বিভাগ তাদের বিবৃতিতে অবিলম্বে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক নিয়োগের পদ পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, “আমরা শিক্ষাক্ষেত্রের সৃজনশীল ধারার পাশে আছি এবং এই অন্যায্য সিদ্ধান্তের প্রতিবাদ জানাই।”বিবৃতির শেষে শিক্ষকমণ্ডলী আহ্বান জানান, “মানবিক, সৃজনশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের বাস্তবায়নের স্বার্থে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ দ্রুত পুনর্বহাল করা হোক।”

