সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

গণভোট ছাড়া নির্বাচন হবে না জামায়াতের হুঁশিয়ারি

Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হলে এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন আদেশের বিষয়ে গণভোট আয়োজন করতে হবে। তিনি দাবি করেন, নভেম্বরেই গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত এবং সেই গণভোটে পাশ হওয়া আদেশ অনুযায়ী জাতীয় নির্বাচন দিতে হবে।আজ শুক্রবার সকালে গাইবান্ধা জেলা কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আসনভিত্তিক নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল এবং পরিচালনা করেন গাইবান্ধা পৌরসভার আমীর অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ।সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা ও গাইবান্ধা ০৫ আসনের সম্ভাব্য প্রার্থী জনাব আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা ০১ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।মাওলানা আবদুল হালিম বলেন, নির্বাচনের বিষয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। এ ধরনের পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি দাবি করেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া ৩১টি দলের মধ্যে প্রায় ৮০টি বিষয়ে সমঝোতা হয়েছে এবং তারই ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর হয়।তিনি আরও বলেন, সকলের অংশগ্রহণে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে। বিভ্রান্তি নয়, বরং সংযম ও গণতান্ত্রিক আচরণ বজায় রেখেই জাতীয় ঐক্য, গণভোট ও নির্বাচন এগিয়ে নিতে হবে।নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষতার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক দল তাদের প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ভালোবাসায় বিজয় অর্জন করবে। ন্যায় ও ইনসাফনির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *