জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি নিশ্চিত ও আসন্ন জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠার দাবিতে নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকাল ১১টায় সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত স্মারকলিপিটি প্রধান নির্বাচন কমিশনারের হাতে পৌঁছে দেওয়া হয়।সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিছিলসহকারে নির্বাচন কমিশন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। এর আগে রাজধানীর আগারগাঁও শেরে বাংলানগর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা ১৩ আসনের মনোনীত প্রার্থী মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া টেকসই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী নভেম্বরে গণভোট আয়োজন ও ফেব্রুয়ারি ২০২৬ এ অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা নিতে হবে।স্মারকলিপিতে বলা হয়, গণঅভ্যুত্থানের পর জনগণের mandated সংস্কার প্রক্রিয়ার ধারাবাহিকতায় জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ও স্বৈরশাসনমুক্ত রাজনীতি আনতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কার করা হয়েছে। কিন্তু কোন দলের দাবিতে এই সংশোধনকে পরিবর্তনের সুযোগ নেই বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।প্রতিনিধি দল আশা প্রকাশ করে, নির্বাচন কমিশন দেশের মানুষের ন্যায্য প্রত্যাশা রক্ষায় নিরপেক্ষ ভূমিকা রাখবে এবং গণতান্ত্রিক ধারা সুসংহত করতে ঋজু ও দৃঢ় অবস্থান গ্রহণ করবে।

