রাজধানীর আরামবাগ এলাকা থেকে ৫০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ।গ্রেফতারকৃতরা হলেন আকির মিয়া রাকিব (২৮), মেহেদী হাসান ওরফে হাসান (২২) এবং মো. মামুন মিয়া (৪৫)।বুধবার (২২ অক্টোবর ২০২৫) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে মতিঝিল থানাধীন নটরডেম কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে ডিবি-মতিঝিল বিভাগের সংশ্লিষ্ট সূত্র।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনজন মাদক কারবারি কুমিল্লা সীমান্ত থেকে বিপুল পরিমাণ গাঁজা এনে বিক্রির উদ্দেশ্যে রাজধানীর মতিঝিল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানে লুকানো অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।ডিবি সূত্র জানায়, আটক আকির মিয়া রাকিবের বিরুদ্ধে পূর্বেও কুমিল্লা জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যেই তারা রাজধানীতে নিয়ে এসেছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।সূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশ

