রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় এক সফল অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা পুলিশ। বুধবার (২২ অক্টোবর ২০২৫ খ্রি.) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে পশ্চিম রামপুরা এলাকার শ্রী শ্রী মহাপ্রভূর গৌরঙ্গ মন্দিরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো মো. আবু সালাম (৪৪) এবং মো. জুলহাস উদ্দিন (৪০)।হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল টিম জানতে পারে যে পশ্চিম রামপুরা এলাকায় কিছু মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তরের জন্য একত্রিত হয়েছে। এই সংবাদের ভিত্তিতে সেখানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে আবু সালাম ও জুলহাস উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা এবং মাদক কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।হাতিরঝিল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীতে তা বিক্রয় ও সরবরাহের কাজে যুক্ত। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশ্যেই তারা নিজেদের হেফাজতে রেখেছিল।ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি-এর নির্দেশনায় মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।সোর্স: ডিএমপি

