খাবারের জগতে বিলাসিতার নতুন নাম ক্যাভিয়ার। এক ধরনের সামুদ্রিক মাছের ডিম, যা বিলাসী রসনাবিলাসীদের কাছে সোনার চেয়েও দামী। কালো, হালকা হলুদ, বাদামী, ধূসর বা কমলা রঙের এই ক্যাভিয়ারের মধ্যে সবচেয়ে চাহিদাসম্পন্ন হলো কালো ক্যাভিয়ার।গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, এক কেজি ক্যাভিয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল ৩৪ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ লাখ ২৩ হাজার ৯৭ টাকা।সবচেয়ে বিখ্যাত ক্যাভিয়ার আসে বেলুজা স্টারজিওন নামের এক বিশেষ মাছ থেকে। এই মাছের ওজন হতে পারে প্রায় ১১০০ কেজি পর্যন্ত। বিস্ময়ের বিষয় হলো, মাছটির মোট ওজনের প্রায় ১২ শতাংশই থাকে ডিম। তবে এই স্টারজিওন মাছ প্রাপ্তবয়স্ক হতে সময় নেয় ৮ থেকে ২০ বছর পর্যন্ত।ক্যাভিয়ার সংগ্রহের প্রক্রিয়াও অত্যন্ত সূক্ষ্ম। মাছের পেট কেটে ডিম সংগ্রহের পর তা সংরক্ষণ করা হয় বিশেষ তাপমাত্রায়, যাতে গলে না যায়। এরপর তাতে লবণ ও নানা প্রাকৃতিক মসলা মিশিয়ে পরিবেশন করা হয় ২৪ ক্যারেট স্বর্ণের পাত্রে— সম্পূর্ণ কাঁচা অবস্থায়।চাহিদা ও সংকট—এই দুইয়ের মিলিত ফলেই ক্যাভিয়ারের দাম আকাশচুম্বী। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ক্যাভিয়ার উৎপাদন হয় চীনে, যদিও ঐতিহ্যবাহী রুশ ও ইরানিয়ান ক্যাভিয়ারকেই ধরা হয় আসল ‘রাজকীয়’ ক্যাভিয়ার।বিশ্বে স্টারজিওন মাছের ২৭টি প্রজাতির মধ্যে বর্তমানে ১৮টি বিলুপ্তির পথে। পরিবেশবিদদের মতে, অতিরিক্ত আহরণ ও অবৈধ বাণিজ্যের কারণে এই বিপর্যয় ঘটছে।সোর্স: গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস, সায়েন্সবি

