জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদ স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক বক্তব্যে বলেন, “আমরা আরেকটি এমন ঘটনার সাক্ষী হতে চাই না, যার আসলে কোনো অর্থ নেই। আইনি ভিত্তি ও সরকারি আদেশের নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর করা অর্থহীন হবে।”তিনি আরও বলেন, “যদি আমরা নিশ্চিত না হই যে সরকারের আদেশ কোন আইনি ভিত্তিতে কার্যকর হবে, তাহলে আমাদের স্বাক্ষর কেবল একটি প্রতীকী পদক্ষেপে পরিণত হবে। সেই বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে অংশ নেব না।”দলীয় সূত্র জানায়, এনসিপি এরই মধ্যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে চলমান আলোচনায় তাদের অবস্থান স্পষ্ট করেছে। এনসিপির মতে, “আইনি নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর মানে জনগণের সঙ্গে প্রতারণা।”এর আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও, এনসিপি আনুষ্ঠানিকভাবে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির এই অবস্থান জাতীয় ঐক্যমত্য গঠনের প্রক্রিয়ায় নতুন এক অনিশ্চয়তা তৈরি করেছে।

