বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পিআর নিয়ে আন্দোলনের নামে নির্বাচন নস্যাৎ, গণতন্ত্রকে ব্যাহত ও দেশকে মহা বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, এ সুযোগে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ আবারও ফিরে এসে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি করতে পারে। অহেতুক আন্দোলনের নামে বিভাজন, উত্তেজনা ও বিশৃঙ্খলা জনগণের অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি।আজ দুপুর থেকে রাত পর্যন্ত ময়মনসিংহের জুগলি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন। বিকেল ৪টায় ইসলামপুর এব্তেদায়ী মাদরাসা মাঠে ৪ নম্বর ও পরে জুগলি উচ্চ বিদ্যালয়ে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সম্মেলনে তিনি বলেন, পিআর নিয়ে জামায়াত নিজেরাই আন্তরিক নয়। মাসের পর মাস চলা ঐকমত্য কমিশনের বৈঠকে তারা সংসদের নিম্নকক্ষে একবারের জন্যও প্রস্তাব দেননি। আলোচনার টেবিলে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই রাজপথে কর্মসূচি দেওয়া দুরভিসন্ধিমূলক।তিনি বলেন, জনগণ নির্বাচন ও গণতন্ত্রের পথে কোনো প্রতিবন্ধকতা মেনে নেবে না। দেশকে মহা বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার আহ্বান জানান। ধানের শীষে ভোট প্রার্থনা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে দেশে শান্তি আসবে, ঐক্য আসবে।তিনি বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও দল সবদিক বিবেচনা করে একজনকেই মনোনয়ন দেবে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। তিনি তারেক রহমানের গণমুখী কর্মসূচি জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করলে দলের ভেতরে তার কোনো স্থান হবে না।জুগলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ক্বারী আবুল কাশেমের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিলের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুলসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।এর আগে সকালে হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে ইমাম, মোয়াজ্জিন ও মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপি একটি উদার ও গণমুখী রাজনৈতিক দল, ধর্মান্ধ বা ধর্মবিরোধী নয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির অবাধ চর্চা থাকলে সমাজে শান্তি, সম্প্রীতি, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় থাকবে এবং অন্যান্য ধর্মের মানুষও নিরাপদ থাকবে।তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কুরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন করা হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করেছিলেন এবং ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতার পরিবর্তে ধর্মীয় মূল্যবোধকে প্রতিষ্ঠা করেছিলেন।সভায় হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও আলমগীর আলম বিপ্লবের সঞ্চালনায় উপজেলা ও স্থানীয় মসজিদ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

