ক্যান্সারে আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ঘনিষ্ঠ সহকারী ও তরুণ আলেম মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ সোমবার রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় এক অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফারুকীর হাতে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদান তুলে দেন। এসময় রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমান অতীতের মতো ভবিষ্যতেও আলেম-ওলামাদের পাশে থাকবেন।”প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ জাতীয় প্রেসক্লাব ও ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।আতিকুর রহমান রুমন সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সেই সূত্রেই আজ আমরা মানবিক সহায়তা নিয়ে মাওলানা ফারুকীর পাশে দাঁড়িয়েছি।”এসময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হেদায়েতুল্লাহ কাসেমী, মুফতি জাবের কাসেমীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।রাজনৈতিক প্রতিহিংসার জেরে ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে গ্রেফতার হয়ে মিথ্যা মামলায় দেড় বছরেরও বেশি কারাভোগ করেন মাওলানা ফারুকী। রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই তার শরীরে বাসা বাঁধে ক্যান্সার—এমন অভিযোগ রয়েছে তার সহকর্মীদের। পরবর্তীতে দেশে-বিদেশে দীর্ঘ চিকিৎসা নিলেও বর্তমানে চীনের গুয়াংজু হাসপাতালে তার অস্ত্রোপচার প্রয়োজন।হেফাজত নেতৃবৃন্দ ও বিএনপি পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।



