সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

হাতিমারায় কাভার্ড ভ্যানচাপায় নারী নিহত, আরেকজন গুরুতর আহত

Spread the love

মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরির একটি কাভার্ড ভ্যানচাপায় আকলিমা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় পেয়ারা বেগম (৫০) নামে আরেক নারী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ–শ্রীনগর সড়কের হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আকলিমা বেগম সিরাজদিখান উপজেলার খোরশাই গ্রামের মৃত সেরাজুল শেখের স্ত্রী।

গুরুতর আহত পেয়ারা বেগম একই উপজেলার দেবপোড়া গ্রামের মৃত আফজাল শেখের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, দুই নারী সিরাজদিখান থেকে হাতিমারা এলাকার একটি মেলায় কাপড় কিনতে আসেন। মেলার কাছে রাস্তা পারাপারের সময় শাহ সিমেন্টের কাভার্ড ভ্যানটি তাদের চাপা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আকলিমা বেগমকে মৃত ঘোষণা করেন।

পেয়ারা বেগমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, “ঘটনার পর শাহ সিমেন্টের কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *