ডেক্স রিপোর্ট, newsbd24live:
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও শুরু হয়েছে তীব্র বিতর্ক। কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের কাছ থেকে উদ্ধার করা নতুন কিছু নথিতে বিল গেটস সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ২০১৩ সালের জুলাই মাসের কিছু ড্রাফট ইমেইলের সূত্র ধরে এই তথ্যগুলো ছড়িয়ে পড়েছে যা বর্তমানে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
বিস্ফোরক তথ্যের নেপথ্যে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত প্রায় ৩০ লাখ নথির মধ্যে এপস্টাইনের বেশ কিছু ব্যক্তিগত ড্রাফট ইমেইল পাওয়া গেছে। সেখানে দেখা যায়, জেফরি এপস্টাইন বিল গেটসের প্রাক্তন উপদেষ্টা বরিস নিকোলিকের পরিচয় ব্যবহার করে নিজের কাছেই কিছু মেইল পাঠিয়েছিলেন। এই মেইলগুলোতে দাবি করা হয়েছে যে, বিল গেটস একাধিকবার রুশ নারীদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন এবং সেখান থেকে একটি যৌনবাহিত রোগে আক্রান্ত হন।
স্ত্রীকে ড্রাগ দেওয়ার অভিযোগ
প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিল গেটস তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসকে বিষয়টি না জানিয়ে গোপনে অ্যান্টিবায়োটিক বা ওষুধ খাওয়ানোর পরিকল্পনা করেছিলেন। এমনকি উপদেষ্টা নিকোলিককে সেসব তথ্য ও মেইল ডিলিট করে দেওয়ার জন্যও গেটস অনুরোধ করেছিলেন বলে এপস্টাইন তার ড্রাফটে উল্লেখ করেন।
ব্ল্যাকমেইল ও চাপের কৌশল
বিশ্লেষকরা মনে করছেন, এপস্টাইন সম্ভবত বিল গেটসকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে এই ধরনের তথ্যগুলো সংগ্রহ করে রেখেছিলেন। ইমেইলের একটি অংশে এপস্টাইন গেটসের উপদেষ্টা সেজে লিখেছেন, তার দ্বারা নৈতিকভাবে অনুপযুক্ত এবং সম্ভাব্য বেআইনি কাজে সহায়তা করতে বাধ্য করা হয়েছে। মূলত গেটসের সম্মানজনক ভাবমূর্তি ব্যবহার করে তার পরোপকারী সংগঠনগুলোর ক্ষতি করার প্রচ্ছন্ন হুমকিও সেখানে দেওয়া হয়।
বিল গেটসের প্রতিক্রিয়া
এই চাঞ্চল্যকর অভিযোগের বিপরীতে বিল গেটসের মুখপাত্র কঠোর বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে যে, এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, অযৌক্তিক এবং মিথ্যা। এপস্টাইন গেটসের সাথে ঘনিষ্ঠতা তৈরি করতে ব্যর্থ হয়ে তাকে ফাঁসানোর এবং সম্মানহানি করার জন্য এই ধরনের গালগল্প সাজিয়েছিলেন বলে গেটসের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে মেলিন্ডা ও বিল গেটসের দীর্ঘ দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। সে সময়ও এপস্টাইনের সাথে গেটসের সম্পর্কের বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছিল। নতুন এই নথিগুলো সেই বিতর্ককে আবারও উসকে দিয়েছে।
তথ্যসূত্র: উইওন (WION)

