খাইরুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়াদিঘর বটতলায় এ ঘটনা ঘটে।ঘটনার পর মো. দুলু মিয়া (৫৬) সাঘাটা থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, ফারুক মিয়া, ফটিক মিয়াসহ ৬ জন তার বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে। এসময় শয়ন ঘরের টিনের বেড়া ভেঙে প্রায় লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।
মারপিটে গুরুতর আহত হয়ে অজি বেগম ও জলি বেগমকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, জমি নিয়ে দুলু মিয়া ও ফারুক মিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এ নিয়ে আদালতে মামলাও আছে। সেই বিরোধ থেকেই মূলত এ সংঘর্ষের সূত্রপাত।দুলু মিয়া দাবি করেন, বাহির থেকে ভাড়াটিয়া লোক এনে হামলা চালানো হয়েছে।অন্যদিকে অভিযুক্ত শাহ্ আলম অভিযোগ অস্বীকার করে বলেন, কে ভাঙচুর করেছে বা তারা কিভাবে আহত হয়েছে তিনি জানেন না।
সাঘাটা থানার ওসি মাহবুব আলম বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সরেজমিন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

