মোঃ সাইফুল ইসলাম, ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি:
ঈদুল ফিতরকে সামনে রেখে নাসিরনগরের বিভিন্ন মার্কেট ও দোকানে ক্রেতাদের ভীড় বাড়তে শুরু করেছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, পুরুষদের তুলনায় নারীদের পোশাকের দোকানগুলোতে ভিড় অনেক বেশি। বিশেষ করে শাড়ি, থ্রি-পিস, গাউন, লেহেঙ্গা ও বিভিন্ন ফ্যাশনেবল পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে। পাশাপাশি জুতা ও প্রসাধনী দোকানগুলোতেও ক্রেতা সমাগম দেখা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, ঈদের কেনাকাটায় নারীদের আগ্রহ বরাবরই বেশি থাকে। পরিবারের সবার পোশাক কেনার দায়িত্ব এখন অনেক সময় নারীরাই নিয়ে থাকেন। ফলে মার্কেটগুলোতে নারীদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা যায়। এছাড়া নতুন নতুন ডিজাইন ও ফ্যাশনের পোশাক দেখতে এবং পছন্দের পোশাক বেছে নিতে নারীরা দোকানে বেশি সময় ব্যয় করেন।
সোমবার (১৬ মার্চ) নাসিরনগরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভীড়। তবে এই চিত্র পুরুষের পোশাকের দোকানগুলোর তুলনায় নারীদের পোশাকের দোকানগুলোতে বেশি দেখা গেছে। নারী ক্রেতারা শাড়ি, থ্রি-পিসসহ নানা রকমের পোশাক কিনতে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন। অনেক জায়গায় ট্রায়াল রুমের সামনেও লম্বা লাইন দেখা গেছে। সন্ধ্যার পর থেকে নারীদের পোশাকের দোকানগুলোতে ভিড় বাড়ে বলে জানান ব্যবসায়ীরা।
নাসিরনগর বাজারে কয়েকজন নারী ক্রেতার সঙ্গে কথা হয় প্রতিবেদকের,তারা বলেন, ঈদে নতুন পোশাক পরার আনন্দই আলাদা। নতুন পোশাক পরে ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় দাওয়াত খেতে যাওয়া হয়। তাই একটু সময় নিয়ে পছন্দমতো পোশাক কিনতে মার্কেটে আসতে হয়েছে। অন্যবারের তুললায় দাম কিছুটা বেশি। তবে ভীড়ের কারণে অনেক সময় কেনাকাটায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখন পর্যন্ত বেশকিছু দোকান ঘুরে মাত্র একটা জামা কিনলাম। আরো কয়েকটা দোকান ঘুরে পছন্দের পোশাক কিনতে হবে। ঈদের এখনো কয়েকদিন বাকি আছে। পোশাকের পাশাপাশি, কসমেটিকস কিনতে হবে। সেটি এখনো কেনা হয়নি। পোশাক কেনা শেষ হলে ই ম্যাচিং করে কসমেটিকস ও জুতা কেনা শুরু করবো।

