হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুরের শিবচরে নামজারি (মিউটেশন) করে দেওয়ার কথা বলে এক সেবা প্রার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অপরাধে নোয়াব আলী (৪৭) নামে এক আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা এই দণ্ডাদেশ প্রদান করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নামজারি সংক্রান্ত কাজে সহায়তার আশ্বাস দিয়ে নোয়াব আলী এক সেবা প্রার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা গ্রহণ করেন।
অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে সাজা দেওয়া হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা বলেন, ভূমি অফিসে সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ঘুষ বা অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশাসনের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।

