সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

শিক্ষার্থীদের নিরাপত্তা ও সেবায় জাকসুর একাধিক উদ্যোগ

Spread the love

আরাফাত হোসাইন, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)

শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও চলাচলের সুবিধা নিশ্চিত করতে একাধিক উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। এসব উদ্যোগের মধ্যে রয়েছে ঢাকা–আরিচা মহাসড়কে নিরাপত্তা জোরদার, বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে অটোরিকশা চলাচল পুনরায় চালু করা এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন।জানা গেছে, বিশ্ববিদ্যালয় সংলগ্ন সি অ্যান্ড বি থেকে বিশমাইল পর্যন্ত ঢাকা–আরিচা মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে জাকসুর পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রতিনিধি দল সম্প্রতি ওই এলাকায় পরিদর্শন করে এবং বেশ কিছু সিদ্ধান্ত নেয়।সিদ্ধান্ত অনুযায়ী, সি অ্যান্ড বি থেকে মীর মশাররফ হোসেন হল গেট পর্যন্ত ফুটপাত নির্মাণ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। এছাড়া সি অ্যান্ড বি, ডেইরি গেট, প্রান্তিক ও বিশমাইল ফুটওভার ব্রিজের উভয় পাশে আলোকসজ্জা স্থাপন, ডেইরি গেট থেকে প্রান্তিক গেট পর্যন্ত “হর্ণ বাজানো নিষেধ” সাইনবোর্ড বসানো, প্রান্তিক এলাকায় সার্ভিস লেন ও পার্কিং লেন তৈরি, যাত্রীছাউনি স্থাপন এবং মেয়েদের হলসংলগ্ন এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।এ ছাড়া, আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় সড়কসংলগ্ন এলাকাগুলোর নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগও নিয়েছে জাকসু।অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় নিহত মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচির স্মৃতিতে বিশ্ববিদ্যালয়ে ‘রাচি স্মৃতি সড়ক’ উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে বন্ধ থাকা অটোরিকশা চলাচল পুনরায় চালুর ঘোষণা দিয়েছে প্রশাসন।এ ছাড়া শিক্ষার্থীদের চিকিৎসাসেবা উন্নয়নে জাকসু সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের বিদ্যমান সমস্যা ও আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সচিব দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।জাকসুর প্রচেষ্টায় মেডিকেল সেন্টারের ওষুধ সরবরাহেও এসেছে পরিবর্তন। আগে যেখানে ২৪ লাখ টাকার বাজেটে মাত্র ২০–৩০ প্রকার ওষুধ কেনা হতো, বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৮৫ প্রকারে দাঁড়িয়েছে। এবছর আগের তুলনায় বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক, ইনজেকশন, ইনহেলার, নেবুলাইজার সলিউশন, স্যালাইন ও টিটেনাস–রেবিস ভ্যাকসিনসহ নানা ওষুধ সংগ্রহ করা হয়েছে।জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা ও সেবার বিষয়ে জাকসু শুরু থেকেই সক্রিয় ভূমিকা রাখছে। মহাসড়ক নিরাপত্তা থেকে শুরু করে মেডিকেল সেন্টারের আধুনিকায়ন—সবক্ষেত্রেই আমরা টেকসই পরিবর্তন আনতে চাই। শিক্ষার্থীদের মৌলিক নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা মানেই তাদের শিক্ষাজীবনকে আরও স্বস্তিদায়ক করে তোলা।”উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভিপি পদে বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম নির্বাচিত হন। এবারের নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *