মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
নিরাপত্তাজনিত কারণে ভারত সফরে খেলতে অস্বীকৃতি জানিয়ে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। এতে করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এমন শঙ্কা তৈরি হয়েছিল। এমনকি পরবর্তী বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছিল।
তবে আইসিসির সাম্প্রতিক ঘোষণায় সব আশঙ্কাই উড়ে গেছে।বুধবার প্রকাশিত এক সংবাদবিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ২০২৮ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য সেই আসরে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে টি টোয়েন্টি রেঙ্কিংয়ের ভিত্তিতে।
চলতি বিশ্বকাপে কলম্বোতে নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়ের পর সুপার এইটের লাইনআপ চূড়ান্ত হয়। পাকিস্তানের সঙ্গে সুপার এইটে উঠেছে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। নিয়ম অনুযায়ী, সুপার এইটে ওঠা দলগুলো সরাসরি ২০২৮ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে।
আয়োজক হিসেবে নিউজিল্যান্ডের স্থান আগে থেকেই নিশ্চিত ছিল, আর সুপার এইটে না উঠলেও স্বাগতিক হওয়ায় অস্ট্রেলিয়ার অংশগ্রহণও নিশ্চিত।আইসিসি আরও জানিয়েছে, ২০ দলের বিশ্বকাপে বাছাইপর্ব থেকে আসবে ৮টি দল।
বাকি ১২ দলের মধ্যে ৯টি ঠিক হয়েছে এবারের পারফরম্যান্স ও স্বাগতিক হওয়ার ভিত্তিতে, আর শেষ তিনটি নির্ধারিত হবে টি টোয়েন্টি রেঙ্কিং অনুযায়ী। আগামী ৯ মার্চ ফাইনালের পরদিন রেঙ্কিং চূড়ান্ত হলে ওই তিন জায়গা পাবে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও বাংলাদেশ।বর্তমানে বাংলাদেশ আছে ৯ নম্বরে, আফগানিস্তান ১০ এবং আয়ারল্যান্ড ১২ নম্বরে। এর মধ্যে এমন কোনো আন্তর্জাতিক টি টোয়েন্টি নেই যা রেঙ্কিং বদলে দিতে পারে। ফলে বলা যায়, ২০২৮ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা এখন কার্যত নিশ্চিত।

