ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি ২৪ লাইভ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়ার আগেই মৌলভীবাজার-৪ আসনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। এই আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদীর ওপর হামলার খবর পেয়ে তিনি রবিবার বিকেলে ছুটে যান ঘটনাস্থলে।
নিউজ বিডি ২৪ লাইভ এর তথ্যানুসারে আজ ১৪ ডিসেম্বর রবিবার বিকেলে মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসায় উপস্থিত হন খেলাফত মজলিসের আমীর। সেখানে তিনি চিকিৎসাধীন মাওলানা শেখ নুরে আলম হামিদীর শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি আহত প্রার্থীর আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে খেলাফত মজলিসের আমীর বলেন কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের ন্যাক্কারজনক হামলা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত হলো প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি প্রশাসনের প্রতি এই ঘটনার দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান এবং দোষীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
উল্লেখ্য যে নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক আগের দিন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারে একটি নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিতে গিয়েছিলেন মাওলানা শেখ নূরে আলম হামিদী। সেখানেই অতর্কিতভাবে তাঁর ওপর এই হামলার ঘটনা ঘটে। নিউজ বিডি ২৪ এর অনুসন্ধানে জানা যায় এই ঘটনাকে কেন্দ্র করে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের সাধারণ ভোটার ও শুভানুধ্যায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা মনে করছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হলে প্রশাসনকে এখনই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

