সর্বশেষ
ফেব্রুয়ারি ৯, ২০২৬

মৌলভীবাজার-৩ আসনে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি- আহমদ বিলালের

Spread the love

রাহি ইসলাম, সহকারী মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে মৌলভীবাজারকে একটি ন্যায়ভিত্তিক ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলা হবে।রোববার ৮ ফেব্রুয়ারি বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে আহমদ বিলাল বলেন, একসময় মনুমুখ ছিল গুরুত্বপূর্ণ নদীবন্দর ও বাণিজ্যকেন্দ্র। বর্তমানে এর ঐতিহ্য ও অবকাঠামো বিলীন হয়ে পড়েছে। বিদ্যমান স্থাপনাগুলো সংরক্ষণ ও এলাকার পুনরুজ্জীবনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।শিক্ষাখাত প্রসঙ্গে তিনি বলেন, মৌলভীবাজার জেলা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। একসময় ঐতিহ্যবাহী মনুমুখ পিটি বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান জেলার গর্ব ছিল। এই অবস্থার উন্নয়নে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং কারিগরি শিক্ষার বিস্তার প্রয়োজন।

তিনি মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ, কৃষি বিদ্যালয় ও একটি সার্ভে ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি শমশেরনগর বিমানবন্দর চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন।স্বাস্থ্যখাত নিয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবায় দুর্নীতি ও অব্যবস্থাপনা কমিয়ে সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা হবে। গ্রাম থেকে শহরের সংযোগ সড়ক পাকাকরণ, দীর্ঘদিন অবহেলিত সড়ক সংস্কার এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

কৃষি ও গ্রামীণ অর্থনীতি বিষয়ে তিনি বলেন, কৃষক যেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয়, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে ইউনিয়ন পরিষদভিত্তিক গ্রাম আদালত ও সালিশ ব্যবস্থাকে আরও সক্রিয় করার কথাও বলেন তিনি।সুশাসন প্রসঙ্গে আহমদ বিলাল বলেন, ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য করফাঁকি রোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।বক্তব্যে তিনি জানান, মৌলভীবাজারু৩ আসনে ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তিনি একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভা শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিনে দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।এদিকে, রোববার সকাল থেকে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর গণসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে। বাদ জোহরের পর খলিলপুর ও মনুমুখ ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার পাশাপাশি বিকেলে শেরপুর, সরকারবাজার, গোড়ারাই বাজার, কাটারাই বাজার, লামুয়াবাজার ও চাঁনপুরসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নেওয়ার কথা রয়েছে বলে তাঁর নির্বাচনী প্রচারণার মিডিয়া উইং সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *