সর্বশেষ
মার্চ ৩, ২০২৬

মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে নাসের রহমানের বৈঠক

Spread the love

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব এম নাসের রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ। আজ মঙ্গলবার (৩ মার্চ) মৌলভীবাজারের পর্যটন কেন্দ্র দুসাই রিসোর্টে দুপুর থেকে ঘণ্টাব্যাপী এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।


​বৈঠকে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন, কালচার অ্যান্ড এডুকেশন) রাজেশ ভাটিয়া উপস্থিত ছিলেন। মূলত মৌলভীবাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং হিন্দু সম্প্রদায়ের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির অবস্থা সচক্ষে দেখতে ভারতীয় এই কূটনৈতিক প্রতিনিধি দল জেলাটি সফর করেন।


​বৈঠক সূত্রে জানা যায়, আলোচনায় মৌলভীবাজারের বিশেষ অর্থনৈতিক ভিত্তি চা-বাগানের শ্রমিকদের জীবনমান ও তাদের বিভিন্ন সমস্যা গুরুত্ব পায়। নাসের রহমান প্রতিনিধিদের জানান, চা শ্রমিকদের কল্যাণে তিনি জাতীয় সংসদে একটি বিশেষ বিল উত্থাপনের পরিকল্পনা করছেন। তার এই উদ্যোগের কথা শুনে ভারতীয় প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন। এছাড়া জেলার মন্দিরগুলোর সুশৃঙ্খল রক্ষণাবেক্ষণ ও ধর্মীয় সহাবস্থান দেখেও তারা প্রশংসা করেন।


​বৈঠকে এম নাসের রহমান জোরালোভাবে বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি নিরাপদ। তিনি এক আবেগী বক্তব্যে উল্লেখ করেন, আমাদের সংস্কৃতিতে কোনো হিন্দু ধর্মাবলম্বীর ওপর হামলা করাকে একজন নারীর ওপর হামলার মতোই গর্হিত কাজ হিসেবে দেখা হয়। এ দেশে কেউ কোনো সংখ্যালঘু পরিবারের গায়ে হাত তোলার আগে অন্তত দুইবার চিন্তা করে। মুসলমান ও হিন্দুদের মধ্যে চিরকালই এখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে।


​নাসের রহমান গত ৫ আগস্ট ২০২৪ এর পরবর্তী পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, সে সময় ভারতের কিছু ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা নিয়ে যে ধরণের সংবাদ প্রচার করেছিল, তার সিংহভাগই ছিল মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এবং এখানে কারও কোনো অভিযোগ নেই।


​বৈঠক শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং এই অঞ্চলের উন্নয়নে যেকোনো ধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। নাসের রহমান পুনর্ব্যক্ত করেন যে, বিএনপি শুধু হিন্দু নয়, বরং বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আপসহীন অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *