মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চরবাংলাবাজার এলাকায় মারধরের ঘটনায় আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল প্রায় ১০টার দিকে চরবাংলাবাজার গ্রামের বাসিন্দা মোহাম্মদ মনির মোল্লা (৭০) ও তার স্ত্রী তন্দ্রি বেগমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ হয়। বিষয়টি মীমাংসার জন্য তারা একই এলাকার তন্দ্রি বেগমের খালাতো ভাই নিজাম মিজির (৫০) বাড়িতে যান।
অভিযোগ রয়েছে, সেখানে ঝগড়ার বিচার করতে গিয়ে নিজাম মিজি ও তার সহযোগী খুইশা মনির মোল্লাকে কিল-ঘুষি মারেন এবং তার অণ্ডকোষে চাপ দেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।পরবর্তীতে মনির মোল্লাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢামেকে প্রাথমিক চিকিৎসা শেষে একই দিন সন্ধ্যায় তাকে ছাড়পত্র দেওয়া হয়।পরে তার ছেলে তমিজ মোল্লা তাকে ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় নিজের বাসায় নিয়ে যান। সেখানে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অসুস্থ অবস্থায় মনির মোল্লা মারা যান।নিহত মনির মোল্লা চরবাংলাবাজার গ্রামের মৃত লতি মোল্লার ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে একই এলাকার বাসিন্দা মৃত পচা মিজির ছেলে নিজাম মিজির (৫০)-এর নাম উল্লেখ করা হয়েছে।মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

