মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলায় জুয়ার টাকা পরিশোধ করতে এক অটোচালককে হত্যা করে তার অটোরিকশা বিক্রির অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে নিখোঁজ হন অটোচালক শাকিল (২৪)। নিখোঁজের প্রায় ২০ দিন পর পৌরসভার রমজানবেগ এলাকার একটি কাশবন থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তদন্তে পুলিশ জানতে পারে, প্রধান অভিযুক্ত শরীফ সুলতান ওরফে আফসু জুয়া খেলার সময় তার ফুফাতো ভাইয়ের কাছ থেকে ২৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। ধার করা টাকা ফেরত চাওয়ায় অপমানিত বোধ করে তিনি বন্ধুদের সঙ্গে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন।পরিকল্পনা অনুযায়ী, পূর্বপরিচিত অটোচালক শাকিলকে ঘুরতে যাওয়ার কথা বলে অটোরিকশা ভাড়া নেয় তারা। পরে পৌরসভার গুচ্ছগ্রাম এলাকায় কিছু সময় অবস্থান করার পর অন্ধকার হলে গলায় মাফলার পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
হত্যার পর অটোরিকশাটি বিভিন্ন যন্ত্রাংশ খুলে ২০ হাজার টাকায় বিক্রি করা হয়। এছাড়া নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।এ ঘটনায় শরীফ সুলতান আফসু ছাড়াও রাজন শেখ, ইমরান সরকার ও ইউসুফ গাজী নামের আরও তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

