মো: মাইউদুর রহমান লিও ,মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত দুই হত্যার ঘটনার মামলার এজাহারনামীয় আসামি মো. অহিদুজ্জামান (৩৫)–কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার বিকেলে সিদ্দিরগঞ্জ থানাধীন পাঠানটুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত অহিদুজ্জামান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নূর মোহাম্মদ চৌধুরীর ছেলে।র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরের পর পাঠানটুলি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হত্যা মামলার আসামি অহিদুজ্জামানকে গ্রেপ্তার করে র্যাব-১১।এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, গত ১০ নভেম্বর মোল্লাকান্দি ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর (৩৮) ও রায়হান খান (২২) নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছিলেন অহিদুজ্জামান।

