নিজস্ব প্রতিবেদক :
দেবীপুর সার্বজনীন দেবালয়ে আয়োজিত বাসন্তী পূজার মেলায় ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক ও অস্বাভাবিক হারে চাদা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিবছর মন্দিরের উন্নয়নের স্বার্থে ব্যবসায়ীরা স্বেচ্ছায় সামান্য কিছু অর্থ প্রদান করলেও, এবার সেই রীতিকে পুঁজি করে একদল অসাধু ব্যক্তি মেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে জানা গেছে।সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, মেলার প্রধান আকর্ষণ নাগরদোলা ও নৌকা মালিকদের কাছ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত চাদা দাবি করা হয়েছে।
এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র দোকানগুলো থেকেও দৈনিক ৫০০ থেকে ৬০০ টাকা আদায় করা হচ্ছে। একটি ফুচকার দোকান থেকে ৩,৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, ব্যবসায়ীদের যে রসিদ প্রদান করা হয়েছে তাতে টাকার অংকে বড় ধরনের গরমিল দেখা গেছে। ১৮০ বা ২০০ টাকার রসিদ ধরিয়ে দিয়ে তার কয়েক গুণ অর্থ আদায় করা হয়েছে। ব্যবসায়ীরা যখন এই অনিয়মের প্রতিবাদ করতে চেয়েছেন, তখন তাদের ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে।ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী ব্যবসায়ীদের সাথে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
সামাজিক শৃঙ্খলা এবং ধর্মীয় উৎসবের পবিত্রতা রক্ষায় স্থানীয় সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

