মাদারীপুর জেলা প্রতিনিধি: হাবিবুর রহমান সুমন | newsbd24live / newsbd24
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির স্থগিত করা মনোনয়ন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বিএনপি নেতা কামাল জামান নুরুউদ্দিন মোল্লার সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা।রোববার বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর সীমান্ত এলাকায় শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দলের কেন্দ্রীয় কমিটির কাছে নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন দ্রুত পুনর্বহালের আহ্বান জানান।নেতাকর্মীরা বলেন, নুরুউদ্দিন মোল্লা গত ১৭ বছর ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। ত্যাগ ও নিষ্ঠার মূল্যায়ন করে তাকে পুনরায় প্রার্থী ঘোষণা না করা হলে শিবচরে গণআন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।জানা গেছে, সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটি মাদারীপুর-১ আসনে কামাল জামান নুরুউদ্দিন মোল্লার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। তবে ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় এক বিজ্ঞপ্তিতে তার মনোনয়ন স্থগিত করা হয়।এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। প্রতিবাদে বুধবার দিনব্যাপী সড়ক অবরোধ, বিক্ষোভ এবং মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা।উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কামাল জামান নুরুউদ্দিন মোল্লা। দীর্ঘদিন তিনি শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে উপজেলা বিএনপির সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন।

