সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মাদারীপুরে ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

Spread the love

হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মাদারীপুরে শুক্রবার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।শুক্রবার (১৯ ডিসেম্বর )দুপুর দুইটার পরে সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হন। পরে তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক দুই ঘণ্টা বন্ধ রাখেন।

এতে রাজধানী ঢাকার সঙ্গে বরিশাল বিভাগ ও মাদারীপুর জেলার যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।বক্তারা বলেন, ওসমান হাদীকে প্রকাশ্যে গুলিবিদ্ধ করা হয় এবং পরে তিনি বিদেশে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা স্বরাষ্ট্র ও আইন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানান এবং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় সড়কের দুইপাশে আটকা পড়ে শতাধিক যানবাহন।বিক্ষোভে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জাতীয় নাগরিক পার্টি মাদারীপুর জেলার যুগ্ম সমন্বয়কারী মো. হাসিবুল্লাহ, যুগ্ম সমন্বয়কারী রুবেল মৃধা, কার্যকরি সদস্য হাফেজ আব্দুর রহিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সানি সহ অন্যান্য নেতাকর্মীরা।

এর পাশাপাশি বিকেলে মাদারীপুর সরকারি কলেজের সামনে থেকে একটি প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জনগণকে একত্রিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *