মোঃ এমরুল ইসলাম,মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে উপজেলার মনোহরদী বাজার ও হাতিরদিয়া বাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
বাজার মনিটরিংকালে দেখা যায়, পেঁয়াজ প্রতি কেজি ৫৫ টাকা, শসা ১০০ টাকা, পাম তেল প্রতি লিটার ১৫৩ টাকা, ছোলা বুট ১৮০ টাকা, লেবু ২০০ টাকা, রুই মাছ ৩০০ টাকা, খেজুর ৩০০ থেকে ৫০০ টাকা, চাউল ৪৮ থেকে ৫০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা এবং ফার্মের মুরগি ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ সময় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে মূল্য তালিকা টানিয়ে রাখার এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহনেওয়াজ।সংশ্লিষ্টরা জানান, রমজান মাসকে কেন্দ্র করে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।
একই সঙ্গে ব্যবসায়ীদের মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং ইফতার সামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানানো হয়। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

