জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সদর উপজেলার ফাটাবিল এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হানিফ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার চার দিন পর গত রবিবার (১৫ মার্চ) সকালে কুমিল্লার সংরাইশ এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ বিকেলে ফাটাবিল এলাকায় সরকারি রাস্তার একটি ব্রিজের ওপর এই নৃশংস ঘটনা ঘটে। নিহত তামিম মিয়া (১৮) তার বড় ভাই হানিফ মিয়ার ১০ বছর বয়সী ছেলে সাইদুলকে শাসন করতে গিয়ে একটি থাপ্পড় মারেন।
এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হানিফ মিয়া তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে ছোট ভাই তামিমের গলার নিচে আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পরপরই অভিযুক্ত হানিফ মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যান।
ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়। এতে এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই উৎপল কুমার সাহা, এসআই জয়ন্ত সরকার, এসআই আশরাফুল আলম চৌধুরী, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান ও কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ অন্যান্য সদস্যরা ছিলেন।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ মিয়া হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাটাবিল এলাকার ব্রিজের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু এবং ঘটনার সময় তার পরিহিত পোশাক উদ্ধার করেছে পুলিশ।নিহতের বোন সাথী আক্তার বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তুচ্ছ একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এমন ভাতৃঘাতী হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

