সানাউল্লাহ আস সুদাইস হিজলা উপজেলা প্রতিনিধি :
বরিশাল-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বার তাঁর নির্বাচনী প্রচারণার ব্যানার ও লিফলেটে নিজেকে ‘অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার’ হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে বাস্তবে তিনি অধ্যাপক নন।খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদ আব্দুল জব্বার বরিশাল নগরের সিটি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের একজন সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। একাডেমিক কাঠামো অনুযায়ী, সহকারী অধ্যাপক পদটি অধ্যাপক পদের দুই ধাপ নিচে অবস্থান করে।
নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে স্থাপিত জামায়াত প্রার্থীর ব্যানার ও পোস্টারে তাঁর নামের আগে ‘অধ্যাপক’ উপাধি ব্যবহার করা হলেও, নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামায় তাঁর নাম লেখা হয়েছে শুধু ‘মোহাম্মদ আব্দুল জব্বার’। সেখানে তাঁর পেশা উল্লেখ করা হয়েছে ‘বেসরকারি কলেজ শিক্ষক’।এ বিষয়ে বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন,ভোটারদের কাছে মিথ্যা কর্মপরিচয় দেওয়া নির্বাচন আচরণবিধির সরাসরি আওতায় পড়ে না।
এটি মূলত প্রার্থীর নৈতিকতার বিষয়।সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বরিশাল মহানগর সম্পাদক রফিকুল আলম বলেন,কোনো প্রার্থী যদি নিজের পরিচয় নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেন, তাহলে তা তাঁর ব্যক্তিত্ব ও বিশ্বাসযোগ্যতা সম্পর্কে স্পষ্ট বার্তা দেয়।
এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াত প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তাঁর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জহির উদ্দিন ইয়ামিন বিষয়টিকে প্রার্থীর ব্যক্তিগত বিষয় উল্লেখ করে কোনো মন্তব্য করতে রাজি হননি।এলাকার একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে বিজয়ের আশায় মিথ্যার আশ্রয় নেওয়া কোনো প্রার্থীকে তাঁরা সৎ ও যোগ্য প্রতিনিধি হিসেবে বিবেচনা করেন না।

