বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে নতুন দিগন্ত খুলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তরুণ ক্রিকেটারদের মধ্যে থাকা রক্ষণশীল মানসিকতা (কনজার্ভেটিজম) ও কারিগরি ত্রুটি দূর করতে এবার সরাসরি স্কুল পর্যায়ে কাজ শুরু করছে বিসিবি’র বয়সভিত্তিক ক্রিকেট উইং।বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়নের পরিচালক আসিফ আকবর জানান, অনেক প্রতিভাবান ক্রিকেটার কিশোর বয়সে দারুণ পারফর্ম করলেও নির্দিষ্ট এক সময়ের পর তারা “আউট অব দ্য বক্স” চিন্তা বা সাহসী শট খেলার ঝুঁকি নিতে ভয় পান। এই মানসিক রক্ষণশীলতা ও মৌলিক ভুল জাতীয় দলে পৌঁছানোর পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।তিনি বলেন,“আমরা দেখছি, ছোট বয়সে কোচিংয়ের সময়েই কিছু ভুল অভ্যাস তৈরি হয়। পরে বয়সভিত্তিক ধাপে এসে এই ভুলগুলো শুধরানো কঠিন হয়ে পড়ে। তাই এবার আমরা স্কুল লেভেল থেকেই ক্রিকেটারদের মানসিক ও কারিগরি উন্নয়নের ওপর জোর দিচ্ছি।”নতুন এই পরিকল্পনায় বিসিবি স্কুল পর্যায়ে বিশেষ কোচিং প্রোগ্রাম, মানসিক প্রস্তুতি কর্মশালা এবং ট্যালেন্ট শনাক্তকরণ টুর্নামেন্ট আয়োজন করবে। প্রশিক্ষকদের নির্দেশনা দেওয়া হবে যেন তারা শুধু শারীরিক ফিটনেস নয়, ক্রিকেটারদের সাহসী মানসিকতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সৃজনশীল চিন্তা গঠনে বিশেষ নজর দেন।ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বিসিবির এই যুগোপযোগী পদক্ষেপ দীর্ঘমেয়াদে বাংলাদেশের ক্রিকেটে একটি নতুন, আত্মবিশ্বাসী ও আধুনিক চিন্তার প্রজন্ম তৈরি করবে, যারা ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটে দেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাবে।
মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

