সর্বশেষ
এপ্রিল ১০, ২০২৬

বিক্ষোভ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের আকাশসীমায় কড়াকড়ি।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট ব্যতীত সব ধরনের উড্ডয়নের জন্য সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে জারি করা এক সরকারি এভিয়েশন নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।‘নোটিশ টু এয়ার মিশনস’ (নোটাম) অনুযায়ী, তেহরানের আকাশসীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে ইরানের সিভিল এভিয়েশন অথরিটির পূর্বানুমতি সাপেক্ষে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক সিভিল ফ্লাইট এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এই সিদ্ধান্ত ইরানে প্রবেশকারী ও ইরান থেকে ছেড়ে যাওয়া উভয় ধরনের ফ্লাইটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট ছাড়া অন্যান্য সব ধরনের বিমান চলাচল এই সময়ে সম্পূর্ণভাবে স্থগিত থাকবে। দেশটির অভ্যন্তরীণ অস্থিরতা ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।বর্তমানে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলমান রয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে তাকে জানানো হয়েছে। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও সতর্ক করেন তিনি। মৃত্যুদণ্ড কার্যকর হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।এদিকে বিক্ষোভকারীদের ওপর সহিংসতার নিন্দা জানিয়েছে জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। তারা ইরান সরকারকে সংযম প্রদর্শন ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়ে প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদের অভিযোগ তুললেও পশ্চিমা দেশগুলো তা প্রত্যাখ্যান করেছে। সরকারিভাবে এখনো বিক্ষোভে হতাহতের কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ডিসেম্বরের শেষ দিকে আন্দোলন শুরুর পর থেকে কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *