মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে টানা মশাল মিছিল অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের থানারপুল এলাকা থেকে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থকরা এ মশাল মিছিল বের করে।সন্ধ্যা সাড়ে ৫টার দিকে থানারপুল এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল হাতে যাত্রা শুরু করেন নেতাকর্মীরা। শহরের জুবলী রোড ও পুরাতন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানারপুল এলাকায় এসে শেষ হয় মশাল মিছিলটি।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম শহীদ কমিশনার, শাহাদাত হোসেন সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ অন্যান্য নেতা-কর্মীরা।উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে দলের প্রার্থী ঘোষণা করেন।
এ ঘোষণার পর থেকেই মনোনয়ন বঞ্চিত মো. মহিউদ্দিনের সমর্থকরা সড়ক অবরোধ, ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে টায়ার জ্বালিয়ে ব্লকেড, মশাল মিছিল, সংবাদ সম্মেলন, নারী সমাবেশ এবং জেলা বিএনপির সমাবেশসহ ধারাবাহিক কর্মসূচি চালিয়ে আসছেন।

