নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকারের অংশ হিসেবে দেশব্যাপী ১০ লাখেরও বেশি পরিবারের মাঝে সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্যসামগ্রী সরবরাহ করা হবে।
বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান এই কার্যক্রমের আওতায় দেশের নিম্নআয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম, মাংস ও মাছ ক্রয় করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন জনগণের সরকার হিসেবে আমরা সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে রমজান মাসে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকটের মাধ্যমে পণ্যের দাম বাড়িয়ে দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছি যাতে কোনো পরিবার খাদ্য সংকটে না পড়ে। সরকারের এই উদ্যোগ আগামীতে আরও বিস্তৃত করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।
বক্তারা বলেন সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে বাজারে প্রোটিনজাত পণ্যের চাহিদাও জোগানের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। বিশেষ করে নিম্নআয়ের মানুষের পুষ্টি চাহিদা পূরণে এটি একটি মাইলফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কর্মসূচির সাফল্য কামনা করেন।

