নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকায় নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে প্রশাসন। ভৌগোলিক প্রতিবন্ধকতা ও স্বাভাবিক যানবাহনে যোগাযোগের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর হেলিপ্যাড থেকে তিনটি দুর্গম ভোটকেন্দ্রে মোট ৬৬ জন নির্বাচনী কর্মকর্তা—প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ—এবং ব্যালট বাক্স, ব্যালট পেপার ও অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। এসব কেন্দ্র হলো ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিজক দজর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) একই হেলিপ্যাড থেকে আরও তিনটি দুর্গম ভোটকেন্দ্রে মোট ৫৬ জন নির্বাচনী কর্মকর্তাকে প্রয়োজনীয় সরঞ্জামসহ পৌঁছে দেওয়া হয়।
সেদিন তুইছুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন পরিচালনার প্রস্তুতি সম্পন্ন করা হয়।উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন দূরবর্তী ভোটকেন্দ্রে ধাপে ধাপে নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হচ্ছে। অবশিষ্ট কেন্দ্রগুলোতে আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৌঁছে দেওয়া হবে।প্রশাসন সূত্র জানায়, দুর্গম পাহাড়ি অঞ্চলে নিরাপদ, সুষ্ঠু ও সময়মতো ভোটগ্রহণ নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে পরিবহনের ফলে নির্বাচনী সরঞ্জাম, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে মারিশ্যা ১৩ আনসার ব্যাটালিয়ন ও ভিডিপির উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় শৃঙ্খলা, নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সদস্যদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ছোহরাব হোসেন এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. তানজিল হোসেন। তারা জানান, নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আনসার ও ভিডিপি সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

