মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নে মহান আল্লাহ ও পবিত্র কোরআনকে নিয়ে কটূক্তিকারী বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধর্মপ্রাণ মুসল্লী ও তাওহীদি জনতা পথসভা ও বিক্ষোভ মিছিল করেছে। দুপুরে আউটশাহীর সুবচনী বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পথসভা ও বিক্ষোভে অংশ নেন আউটশাহী এলাকার বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম ও স্থানীয় জনতা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুর রহমান, এবং সঞ্চালনা করেন মাওলানা তোফায়েল আহমেদ।বক্তারা বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ ও তাঁর প্রেরিত রাসূলকে নিয়ে অবমাননাকর বক্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। তারা বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এবং এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বক্তারা আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।পথসভা শেষে সুবচনী বাজারের আরআর কোল্ড স্টোরেজ থেকে শুরু করে সুবচনী বাজার প্রদক্ষিণ করে মিছিলটি আউটশাহী বালিগাঁও রোডে এসে শেষ হয়। শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পথসভার সভাপতি মাওলানা হাবিবুর রহমান।

