রাহি ইসলাম, সহকারী জেলা প্রতিনিধি (মৌলভীবাজার)
বাংলাদেশ ব্যাংকের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার আজীবন সদস্য মৌলভীবাজারের কৃতি সন্তান ফারুক আহমেদ আর নেই।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে মৌলভীবাজার জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি ছিলেন নীতিবান, দেশপ্রেমিক ও প্রজ্ঞাবান একজন মানুষ। তাঁর মৃত্যুতে মৌলভীবাজার হারালো এক আলোকিত সন্তানকে।মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার গোবর্ধনপুর গ্রামে জন্মগ্রহণ করেন ফারুক আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে অবসর গ্রহণ করেন।তিনি ছিলেন সততা, নীতি ও আদর্শের প্রতীক। দেশের অর্থনৈতিক উন্নয়ন, নীতি বিশ্লেষণ ও গ্রামীণ উন্নয়ন নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লেখালেখি করতেন।সম্প্রতি কমলগঞ্জ বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী ও ১৩৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হন তিনি।তাঁর মৃত্যুতে জাতীয় পর্যায়েও শোকের ছায়া নেমে এসেছে।newsbd24live এবং newsbd24 পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

