মোহাম্মদ সালাহ উদ্দিন উজ্জ্বল :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়নের ইচাইল পূর্বপাড়া এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ফসলি জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।অভিযোগকারী হাজী মোঃ জালাল উদ্দিন আহাম্মেদ, অবসরপ্রাপ্ত এসআই জানান, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি তার বাড়ির পূর্ব পাশে প্রায় ৪০ শতাংশ জমির ওপর দিয়ে একটি রাস্তা ব্যবহারের অনুমতি দেন।
তবে তার অভিযোগ, তিনি অনুপস্থিত থাকার সুযোগে রাতের আঁধারে একই ধানী ফসলি জমির দক্ষিণ, পশ্চিম ও উত্তর পাশ দিয়ে আরও কয়েকটি রাস্তা জোরপূর্বক নির্মাণ করা হয়। ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে জমি কেটে রাস্তা তৈরির কাজ শুরু হলে তিনি বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি।পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। অভিযোগ রয়েছে, পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় রাতের অন্ধকারে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের পরামর্শে অন্য দিক দিয়ে রাস্তা নির্মাণ করা হয়।
ভুক্তভোগীর দাবি, ফসলি জমির উপর দিয়ে এভাবে রাস্তা নির্মাণ করায় জমির ক্ষতি হয়েছে এবং এলাকার প্রায় ৫০টি পরিবার সঠিকভাবে রাস্তা ব্যবহার থেকেও বঞ্চিত হচ্ছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো সুরাহা হয়নি বলে জানান তিনি। ফসলি জমির উপর দিয়ে অবৈধভাবে রাস্তা নির্মাণ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

