মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সচিবালয়ে প্রথম দাপ্তরিক কর্মদিবস শুরু করছেন ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে। দিনটিতে তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন বলে জানা গেছে।সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন।
এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। পরে বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক এবং বিকাল ৪টায় সচিবদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।এদিকে, সরকার গঠনের পর আজই প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও। নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে তারা কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করবেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেবেন।
পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরা সাংবাদিকদের ব্রিফিংও করবেন।নতুন সরকারের আগমন উপলক্ষে সচিবালয়ে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রাঙ্গণের বিভিন্ন ভবনের সামনে রঙিন ফুলের টব ও বাগান পরিচর্যার মাধ্যমে সৌন্দর্য বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও।

