ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করে বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে দলের পক্ষ থেকে সংস্কার কমিশনকে বারবার আলোচনায় আহ্বান জানানো হলেও তারা জনগুরুত্বপূর্ণ এই বিষয়কে অবহেলা করেছে। এ কারণেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।শুক্রবার ঢাকার ঢাকা-৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, যে সিস্টেমের কারণে দেশে বারবার স্বৈরাচার সৃষ্টি হয়, সেই সিস্টেমকে ধরে রাখতে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন বিসর্জন দেয়নি। জুলাই বিপ্লবের প্রধান চাহিদাই হলো সিস্টেম পরিবর্তন। প্রচলিত পদ্ধতিতে নির্বাচন মানেই স্বৈরাচার তৈরির আয়োজন। তাই ২০২৪ পরবর্তী বাংলাদেশে নতুন স্বৈরাচার রোধ করতে পিআর পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নেই।গণ-সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেন, জুলাই সনদ ঘোষণার এক বছর পেরিয়ে গেলেও এর আইনি ভিত্তি দেওয়া হয়নি। তাই অবিলম্বে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিয়ে আসন্ন জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করতে হবে। একইসঙ্গে নির্বাচনের আগে পতিত স্বৈরাচারের বিচার দৃশ্যমান করতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়তুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এডভোকেট মনির হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ গোলামুর রহমান আজমসহ নগর ও থানার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

