খিলক্ষেতে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ‘ছাত্রলীগ’-এর তিনজন সক্রিয় সদস্য আটক, উদ্ধার হলো ৩টি অবিস্ফোরিত ককটেলনিজস্ব প্রতিবেদক, ঢাকারাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ‘ছাত্রলীগ’-এর তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল জাতীয় বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে, যা একটি বড় ধরনের নাশকতার ছক বানচাল করেছে বলে মনে করছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো: ১. মোঃ সাগর (২০), ২. রেদোয়ান খান স্বাধীন (২১) ও ৩. মোঃ রাব্বি (২২)।খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ০৮:৫০ ঘটিকা থেকে ০৯:৩৫ ঘটিকার মধ্যে খিলক্ষেত থানাধীন ঢাকা-ময়মনসিংহ ইনকামিং কুড়িল বিশ্বরোড সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার উপর কিছু লোক নিষিদ্ধ সংগঠনের ব্যানারে নাশকতামূলক মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে খিলক্ষেত থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে উপরোক্ত তিন ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, এই ককটেলগুলো তারা নাশকতামূলক কার্যক্রমে ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছিল।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ সতর্ক রয়েছে।

