মোঃ মেহেদী হাসান, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার বনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বনপাড়া পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন।
অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মোঃ আব্দুল আজিজ।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক।
তাঁর ত্যাগ, সংগ্রাম ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন একজন আপোষহীন ও দৃঢ়চেতা রাষ্ট্রনায়ক, যিনি দেশের সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

