মোঃ মেহেদী হাসান, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ভয়াবহ রূপ নিয়েছে। দলীয় দ্বন্দ্বের জেরে সংঘটিত রক্তক্ষয়ী হামলায় চাইনিজ কুড়ালের কোপে গুরুতর আহত হয়েছেন বিএনপি নেতা আবু রায়হান (৪৫)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে সিংড়া উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।আহত আবু রায়হান সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
তিনি হিজলি গ্রামের বাসিন্দা এবং প্রয়াত অফিজ উদ্দিনের ছেলে।বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের চেম্বারে রাজনৈতিক আলোচনা শেষে বাড়ি ফেরার পথে আবু রায়হানের ওপর হামলা চালানো হয়।
অভিযোগ রয়েছে, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক যুবদল নেতা সোহানুর রহমান সোহানসহ রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রহিদুল পরিকল্পিতভাবে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা চাইনিজ কুড়াল দিয়ে তার দুই পায়ে এলোপাতাড়ি কোপ দেয়।পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।আহত আবু রায়হান অভিযোগ করে বলেন,ধানের শীষের প্রার্থী আনু সাহেবের লোকজন—সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রহিদুল—পরিকল্পিতভাবে আমাকে কুপিয়েছে।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ধানের শীষের প্রার্থীর লোকজন একজন ত্যাগী বিএনপি নেতাকে নির্মমভাবে কুপিয়েছে।
আবু রায়হান গত ১৭ বছর ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। যারা এ হামলা চালিয়েছে তারা হাইব্রিড বিএনপি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।তবে অভিযোগ অস্বীকার করে নাটোর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাংবাদিকদের বলেন,ঘটনাটি সম্পর্কে আমি কিছুই জানি না।সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবলী নোমান জানান,আহত ব্যক্তির দুই পায়ের গোড়ালি মারাত্মকভাবে ভেঙে গেছে। বড় ধরনের অস্ত্রোপচার প্রয়োজন।
উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুন নূর বলেন,ঘটনার বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনাকে ঘিরে সিংড়ার রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনের প্রাক্কালে দলীয় অভ্যন্তরীণ এই সহিংসতা সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও শঙ্কা সৃষ্টি করেছে।

