মোঃ মেহেদী হাসান,নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় জুথি (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।নিহত জুথি কালিকাপুর গ্রামের মাছ ব্যবসায়ী জহুরুল ইসলামের কন্যা। পরিবারের সঙ্গে হাসিখুশি দিন কাটানো কিশোরীটি এক মুহূর্তের দুর্ঘটনায় চলে গেল না-ফেরার দেশে।স্থানীয় সূত্রে জানা যায়, জুথিদের বাড়িতে একটি পোষা বিড়াল ছিল।
রোববার বিকেলে বিড়ালটি পাকা ভবনের ছাদে উঠে পড়ে এবং পরে সিঁড়িঘরের টিনশেডে অবস্থান নেয়। ওই টিনশেডের ওপর দিয়ে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার টানা ছিল। বিড়ালটিকে নিচে নামিয়ে আনার চেষ্টা করার সময় অসাবধানতাবশত জুথি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়।পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার ও স্বজনরা। শিশু বয়সেই এমন করুণ মৃত্যু স্থানীয়দের মাঝে গভীর বেদনা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

